• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

চার ধর্মের মানুষকে নিয়ে আমরা সুন্দর বাগান বানাতে চাই: জামায়াত আমীর

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১১, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চার ধর্মের মানুষকে নিয়ে আমরা সুন্দর বাগান বানাতে চাই: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মে বর্ণে আমরা কোনো ভেদাভেদ করবো না। যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, চারটা ধর্মের মানুষের দেশ। এই চার ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই। 

রবিবার বেলা সাড়ে ১২টায় শেরপুর জেলা শহরের পৌর পার্ক মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এক জাতের ফুল দিয়ে বাগান হয় না। ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে। আল্লাহ সেটা এভাবেই রেখেছেন। জোর করে একের ধর্ম আরেকের ওপর চাপানোর অধিকার আমাদের নাই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস করতে চায়, তাহলে আল্লাহর ওপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিয়েন, বেশি দিয়েন না। তবে নিজে জবাব দেওয়ার আগে কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবহিত কইরেন। যদি দেখেন প্রশাসন করছে না, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তখন এটাকে প্রতিহত করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তিনি ১২ তারিখে হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লা বিজয় নিশ্চিত করে ঘরে ফিরে শোকরানা নামাজ আদায়ের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুবক সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারও কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায়। তোমরাই বাংলাদেশ।

মায়েরা, ইনশাল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করবো। কাজ দু’টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা। আর জায়গা তিনটি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল।

ডা. শফিকুর রহমান প্রশাসনের আয়োজনে বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবরদি উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় মামলা হওয়ার পরও কাউকে গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই।

জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জামায়াত নেতা ডা. শহাদাৎ হোসেন, ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, এনসিপির লিখন মিয়া, খোকন চন্দ্র বর্মন, ফেলামত মজলিসের হাফেজ আব্দুল বাতেন, শেরপুরের তিনটি আসনের দাঁড়িপাল্লা প্রার্থী, ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

পরে শেরপুর ১ আসনে হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর ২ আসনে গোলাম কিবরিয়া ও শেরপুর ৩ আসনে নুরুজ্জামান বাদলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। কানায় কানায় পরিপূর্ণ সমাবেশে পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার আগে সকাল সাড়ে ১১ টায় ডা. শফিকুর রহমান ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত শ্রীবরদি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গ্রামের বাড়ি গোপালখিলায় যান। সেখানে রেজাউল করিমের কবর জিয়ারত ও তার বৃদ্ধ বাবা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে সান্ত্বনা দেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: