• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

‘এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না’

প্রকাশিত: ২৩:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না’

ছবি: সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি স্পষ্ট করে বলেছেন—এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ইসি মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার—সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় ভালো রয়েছে বলে জানান তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশনের অবস্থান পরিষ্কার—যে কোনো নির্বাচন বিরোধী তৎপরতার বিরুদ্ধে তারা কঠোর।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই দলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অগ্রগতি।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বক্তব্যকে ‘ভোটযুদ্ধের অংশ’ উল্লেখ করে ইসি মাছউদ বলেন, সহিংসতা বা হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: