নতুন এমপিদের বরণে প্রস্তুত সংসদ সচিবালয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে শুক্রবার দিনভর সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে শপথের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রোটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবাসংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্বাচিত সংসদ-সদস্যদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। সংবিধানের ১৪৮(২) ও ১৪৮(২ক) অনুচ্ছেদের বাধ্যবাধকতা মাথায় রেখেই সব প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের সাংবিধানিক জটিলতা ছাড়াই নতুন সংসদ যাত্রা শুরু করতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী সোমবার তিনি শপথবাক্য পাঠ করাতে পারেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলে। এর মধ্যে ২৯৭টি আসনের ফল পাওয়া যায়। ২০৯ আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৬৮টি আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে এবং অন্যান্য বিজয়ী হয়েছে আরও ৭ আসনে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: