চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত, চুক্তির বিষয়ে বিস্তারিত জানানোর আল্টিমেটাম
ফাইল ছবি
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। সেই সাথে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানোর আল্টিমেটাম দিয়েছেন প্রতিনিধিরা।
বন্দর ভবনে নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিকালে কর্মসূচি স্থগিতের কথা জানান পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।
সাংবাদিকদের তিনি বলেন, “রমজান মাস ও সবকিছু বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার ও পরেরদিন শনিবার আমাদের কর্মসূচি স্থগিত করছি। এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদের সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে।”
নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে শুক্রবার ও শনিবার চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্হগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে তারা বলেন, শনিবারের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত না জানালে পুনরায় কর্মবিরতি ডাকা হবে।
এর আগে নৌ পরিবহন উপদেষ্টা জানান, আগামীকাল সকাল থেকে বন্দরে কাজ শুরু হবে, কেউ বাধা দিলে সরকার কঠোর অবস্থানে যাবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: