• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত পোস্ট-মন্তব্য করতে পারবে না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

প্রকাশিত: ১২:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সামাজিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত পোস্ট-মন্তব্য করতে পারবে না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সদস্যদের সোশ্যাল মিডিয়ায় নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার না করার নির্দেশ দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ।   

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন। আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশকে নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করতে হবে।

সিআইডি প্রধান বলেন, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে নির্বাচনী নির্দেশিকা ও প্রশিক্ষণ প্রদান করেছে। এর পাশাপাশি নির্বাচনী এলাকায় স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাক-নির্বাচনী গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন।

মো. ছিবগাত উল্লাহ বলেন, পুলিশকে নিজের ব্যক্তিগত খাবার ও প্রয়োজনীয় বিষয় নিজেই নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সহযোগিতা গ্রহণ করা যাবে না। দায়িত্বে থাকা পুলিশ কোনো ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না। পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে হবে। সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সিআইডি প্রধান আরও বলেন, সকলকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত হয়। তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন।

ব্রিফিং শেষে মো. ছিবগাত উল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি পূর্ণ আস্থা রাখি যে আপনাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সকলের জন্য গৌরবের বিষয়।

সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে যুক্ত হয়ে এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: