তিন মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতি, চাপ বাড়ছে সাধারণ মানুষের
টানা তিন মাস ধরে দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা কারণে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ ক্রমেই বাড়ছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, আগের দুই মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে।
এর আগে, গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। পরবর্তী মাস ডিসেম্বরে তা আরও বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছায়।
এদিকে নির্বাচনের পর নতুন সরকার সাড়ে আট শতাংশের বেশি মূল্যস্ফীতি পাবে। যা কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিবিএসের হিসাব অনুসারে, গত জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৮১ শতাংশ। টানা চার মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ।
বিবিএস বলছে, গত জানুয়ারিতে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য ৮ শতাংশ। এর মানে হলো, মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: