• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১৬ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথের আভাস, দায়িত্বে থাকতে পারেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ০১:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১৬ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথের আভাস, দায়িত্বে থাকতে পারেন প্রধান বিচারপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে শপথবাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সংবিধান অনুযায়ী, সাধারণত স্পিকার নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। তবে পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে এবার ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি একজন প্রতিনিধিকে দায়িত্ব দিতে পারেন, যিনি শপথবাক্য পাঠ করাবেন।

গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি ব্যাখ্যা করেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে একজনকে মনোনীত করবেন। সেই ধারাবাহিকতায় প্রধান বিচারপতির নাম আলোচনায় আসে।

আইনে আরও উল্লেখ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শপথগ্রহণ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারও এ দায়িত্ব পালন করতে পারেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৬ ফেব্রুয়ারিতেই শপথ অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চললেও, নতুন সংসদের কার্যক্রম শুরুর ক্ষেত্রে শপথ অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ধাপ হিসেবে দেখা হচ্ছে। শপথের মধ্য দিয়েই নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন সংসদের কার্যক্রম শুরু হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: