রোজার আগে লেবুর বাজারে অস্থিরতা, এক মাসে দাম প্রায় চারগুণ
রমজানকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই চড়া হয়েছে লেবুর দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি পিসের দাম বেড়েছে অন্তত ১০ টাকা। এখন মাঝারি আকারের একটি লেবু কিনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা এক মাস আগের দামের তুলনায় কয়েক গুণ বেশি।
বাজার ঘুরে দেখা গেছে, মাসখানেক আগে একই মানের লেবু ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যেত। এরপর দুই সপ্তাহের মধ্যে দাম বেড়ে দাঁড়ায় ৫০ থেকে ৬০ টাকায়। আর বর্তমানে সেই লেবুই বিক্রি হচ্ছে ১১০ টাকার বেশি দরে। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।
ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা বাড়বে—এমন প্রত্যাশায় কিছু বাগান মালিক ও আড়তদার লেবু মজুত করে রেখেছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি ভিন্ন। তারা বলছেন, এখন লেবুর ভরা মৌসুম নয়। গাছে নতুন ফুল এসেছে, কোথাও কোথাও ছোট ফল ধরেছে—ফলে বাজারে সরবরাহ কম। সারা বছর ফলন দেয় এমন কিছু গাছের লেবুই বর্তমানে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া সাম্প্রতিক নির্বাচনের কারণে কয়েকদিন পরিবহন স্বাভাবিক না থাকায় সরবরাহে বিঘ্ন ঘটেছে বলেও জানান তারা।
রাজধানীর কারওয়ান বাজারে লেবু কিনতে এসে একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করেন। কেউ বলেন, একটি লেবুর দাম ৩০ টাকা চাওয়া হচ্ছে—যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাদের মতে, প্রতিবছর রমজানের আগে একইভাবে দাম বাড়ানো হয়। এ অবস্থায় বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।
শুধু লেবুই নয়, একই সঙ্গে কাঁচামরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ থেকে ১৫০ টাকায় উঠেছে। রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: