• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে বিস্ফোরণে দগ্ধ ৬ জন চমেক বার্ন ইউনিটে ভর্তি

প্রকাশিত: ১৪:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কক্সবাজারে বিস্ফোরণে দগ্ধ ৬ জন চমেক বার্ন ইউনিটে ভর্তি

কক্সবাজারের ডলফিন মোড়ে এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাদের চমেক হাসপাতালে আনা হয়। এরা হলেন- আবু তাহের, সিরাজ, আব্দুর রহিম, সাকিব, মোতাহের ও আবুল কাশেম।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রাশেদ উল করিম জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ৬ জন পুরুষ রোগীর প্রত্যেকেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে একজনের শরীরের ৯০ শতাংশ, একজনের ৫০ শতাংশ, একজনের ৪০ শতাংশ, একজনের ৩০ শতাংশ এবং বাকি দুইজনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক।

এর মধ্যে ৫০ শতাংশ ও ৯০ শতাংশ দগ্ধ দুই রোগীর জন্য ইতিমধ্যেই আইসিইউতে বেড বরাদ্দ দিয়ে তাদের স্থানান্তর করা হয়েছে। বাকি রোগীদের অবস্থাও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাদেরও আইসিইউ সাপোর্টে আনা হবে। জাতীয় গাইডলাইন অনুসরণ করেই সবার চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বিস্ফোরণ ঘটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এন আলম এলপিজি ফিলিং স্টেশনে। এতে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। আগুনে ফিলিং স্টেশনের পাশের একটি গ্যারেজে থাকা প্রায় ২০–২৫টি পর্যটকবাহী জিপ গাড়ি এবং ১০টি ঘরবাড়ি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, স্টেশনের ১৪ হাজার লিটারের একটি গ্যাস ট্যাঙ্ক থেকে দীর্ঘ সময় ধরে নির্গত হওয়া গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত