মধ্যপ্রাচ্যে উত্তেজনা : হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা যায়, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে মারা যাওয়া সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। তিনি একটি বেসামরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারান। এছাড়া, বাহরাইনেও আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত ও মানামায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।
জানা গেছে, তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। দেশটির রাষ্ট্রদূতও হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন।
এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অঞ্চলটিতে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: