যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজ ৪৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২১ মিনিট) এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪৫ জন।
দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ারা কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।
এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিলো। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলো।
রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকীরা এখনও নিখোঁজ।
উদ্ধারকাজে সকল দফতর ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কারও বক্তব্য পাওয়া যায়নি।
বিভি/এআই



মন্তব্য করুন: