• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

পদ্মায় গিয়ে পড়লো যাত্রীবাহী বাস, সাঁতরে পাড়ে উঠেছেন মাত্র ১১ জন

প্রকাশিত: ২০:৪১, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পদ্মায় গিয়ে পড়লো যাত্রীবাহী বাস, সাঁতরে পাড়ে উঠেছেন মাত্র ১১ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটির ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছে বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকালে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে বাসটি ফেরিতে উঠে গিয়ে নদীতে পড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। 

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে বলেন, সৌহার্দ পরিবহণের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসেছে। তারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ১১ জন যাত্রী সাঁতরে পারে উঠতে পেরেছে বলে স্থানীয়রা জানান।

দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহণের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন যুগান্তরকে বলেন, বাসে নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: