• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মর্মান্তিক বাস দুর্ঘটনা কীভাবে ঘটলো, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ২০:৫৩, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মর্মান্তিক বাস দুর্ঘটনা কীভাবে ঘটলো, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় হতাহতের কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ছয় সদস্যের এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।

কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনে তারা অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: