নতুন রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী সফলভাবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে একবার ব্যবহার্য্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করতে হবে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালে আগত ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে বলেও পরামর্শ দেন।
মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। দলমত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা দিতে হবে। চিহ্নিত গুপ্তদের নজরদারীতে রাখতে হবে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো হলে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: