নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না, হুঁশিয়ারি আইসিটিমন্ত্রীর
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সাত মাস হলো বিএনপি সরকারে এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে বিএনপি।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার, রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সাবেক আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: