• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আবারও কমলো গ্যাস সরবরাহ, কারণ জানিয়ে দুঃখ প্রকাশ পেট্রোবাংলার

প্রকাশিত: ২৩:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আবারও কমলো গ্যাস সরবরাহ, কারণ জানিয়ে দুঃখ প্রকাশ পেট্রোবাংলার

কক্সবাজারের মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর ব্যাহত হচ্ছে। এতে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে রূপান্তরিত আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহও কিছুটা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের মোট সরবরাহও স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ ছিল ৫৯ কোটি ঘনফুট। একই সময়ে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরবরাহ হয়েছে ১৬১ কোটি ঘনফুট গ্যাস। অভ্যন্তরীণ উৎস ও এলএনজি মিলিয়ে ওই সময়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহ ছিল ২২১ কোটি ঘনফুট।

সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হবে। এরপর গ্যাস সরবরাহও বাড়বে এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

সাময়িক এই পরিস্থিতির কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে মোট ৯টি এলএনজি কার্গো কেনা হয়েছে। এসব কার্গোর মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছিল।

তবে মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর ব্যাহত হওয়ায় বর্তমানে স্বাভাবিক মাত্রার তুলনায় এলএনজি সরবরাহ কমে গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত