সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, কাঁদছেন কর্মীরা
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর শনিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান। সেখানে তিনি বলেন, হামলায় তার পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতে দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
হামলার কারণ সম্পর্কে সালমান মুক্তাদির বলেন, হামলাকারীরা সম্ভবত জানতেন না যে জায়গাটি তার। তার দাবি, স্টুডিওটি যে প্রপার্টিতে অবস্থিত, সেই জমির মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো বিরোধ হয়ে থাকতে পারে। ওই বিরোধের জেরেই সম্পত্তিতে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
সালমান বলেন, ‘ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।’
তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বা ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’
ক্যান্টমেন্ট থানার ডিউটি অফিসার জানান, ইসিবি চত্ত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমনকি সেখানে গোলাগুলিও হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ঘটনাস্থল থেকে ছুরিসহ দুইজনকে গ্রেফতার করেছে এবং বর্তমানে সেখানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: