দখল-চাঁদাবাজি নিয়ে টিআইবির গভীর উদ্বেগ
ছবি: ফাইল ফটো
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট-ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি এসব ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং ক্ষমতাসীন দলের জন্য ‘অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। নির্ভরযোগ্য গণমাধ্যমের তথ্যের বরাত দিয়ে টিআইবি দাবি করেছে, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় ওই হামলা চালানো হয়।
বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে সংঘাতেও রূপ নিচ্ছে বলে দাবি করেন তিনি।
কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং একটি ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনাকেও একই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেছে টিআইবি।
সংগঠনটি এসব ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলের ভেতরে কার্যকর ‘আত্মশুদ্ধি’ অভিযান চালানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি যাতে পুনঃপ্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক করেছে টিআইবি।
বিভি/এমআর













মন্তব্য করুন: