• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

প্রকাশিত: ০০:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার জুলাই জাতীয় সনদ। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও সংশোধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। এর অংশ হিসেবে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধানে ফিরিয়ে আনা হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮-এ যুক্ত করেছিলেন। এটি তাদের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বলেও জানান তিনি।

গণভোটের বিষয়ে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদের গণভোট-সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হয়েছে। সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটের প্রয়োজন হবে বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সুরক্ষায় গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো সংসদ যাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সহজে বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোটের প্রয়োজন হবে—এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক বলেন, ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে সংবিধান সংশোধনের একটি বিল আনা হবে।

তিনি জানান, আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপনের আশা করা হচ্ছে। সংসদে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর বিলটি পাস হলে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত