সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করলেন স্পিকার
দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। এরই অংশ হিসেবে সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের আনাচে-কানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকেও মৎস্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের মানুষ মৎস্য সম্পদ উৎপাদনে আরও আগ্রহী হবেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ এবং ‘মাছে-ভাতে বাঙালি’—এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সব আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়াতে হবে।
উল্লেখ্য, সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় সোমবার ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: