দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’, যুক্ত হবে পায়রা বন্দরে
‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় পায়রা বন্দরের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে। খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) নির্মিত এই টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে জাহাজের বার্থিং, আনবার্থিং ও টোয়িংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) টাগবোটটির লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ।
‘টিয়াখালী-৪’ পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোটের দ্বিতীয়টি। সিঙ্গাপুরের Navnautic Private Limited-এর নকশায় এবং Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছে।

টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এতে আধুনিক Z-Drive Propulsion System রয়েছে। পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং ও নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ এবং স্যালভেজ কার্যক্রমেও টাগবোটটি ব্যবহার করা হবে।
দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও কারিগরি উৎকর্ষের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের সামুদ্রিক অবকাঠামোর উন্নয়ন ও ব্লু ইকোনমিতে এর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: