• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আধুনিক শিক্ষায় এগিয়ে যাবে পাহাড়ের শিক্ষার্থীরা: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আধুনিক শিক্ষায় এগিয়ে যাবে পাহাড়ের শিক্ষার্থীরা: প্রতিমন্ত্রী

পাহাড় ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের বৈষম্য কমিয়ে আনতে ই-লার্নিং, আধুনিক শিক্ষা ও দূরশিক্ষণ পদ্ধতি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে সরকার। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সুপেয় পানি, বিদ্যুৎ, পর্যটন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সভাকক্ষে মন্ত্রণালয়ের আগস্ট ২০২৬ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন এডিপিভুক্ত প্রকল্প ও স্কিমগুলোর আর্থিক ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ অর্থবছরের এডিপিতে সরকারি অর্থ ও প্রকল্প সহায়তাসহ মোট ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্প রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সমতল এলাকার শিক্ষার্থীদের সমতুল্য সুযোগ দিতে ই-লার্নিং, আধুনিক শিক্ষা ও দূরশিক্ষণ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ের শিক্ষার্থীরা একদিন বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাহাড়ের নারীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে প্রত্যন্ত এলাকায় সুপেয় পানি সরবরাহের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রত্যন্ত এলাকায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কথা বলেন তিনি।

ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন ব্যারিস্টার মীর হেলাল।

সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা ও অতুল সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ আহাম্মদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যা চিং, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রা সা হোয়াই মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে. এস. মং, রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এবং খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী ইলিয়াস মেহেদীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত