• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কৃষক কার্ড নিয়ে বড় সুখবর দিলেন কৃষিমন্ত্রী

প্রকাশিত: ২০:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কৃষক কার্ড নিয়ে বড় সুখবর দিলেন কৃষিমন্ত্রী

চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা পাবেন।

বুধবার ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী’ প্রদান অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কৃষক কার্ডের প্রাক-পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পাইলট পর্যায়ে চলতি বছর ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষক কার্ডের আওতায় আসছেন। এর মধ্যে আগামীকাল (১ অক্টোবর ২০২৬) ১ লাখ ৪৭ জন কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

তিনি জানান, ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক কৃষক কার্ডের মুদ্রিত কপি পাবেন।

মন্ত্রী বলেন, আগামীকালের অনুষ্ঠানে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে। বাকি ৬৪টি উপজেলাও অনুষ্ঠানে যুক্ত থাকবে।

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তা দেওয়া এবং কৃষি খাতে সরকারি সহায়তা আরও সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: