• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

গ্যাসের মূল্যবৃদ্ধিতে সিপিবি ঢাকা মহানগর উত্তরের ক্ষোভ

প্রকাশিত: ২২:৪২, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গ্যাসের মূল্যবৃদ্ধিতে সিপিবি ঢাকা মহানগর উত্তরের ক্ষোভ

গ্যাসের সিলিন্ডারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর। সংগঠনটি অবিলম্বে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধের দাবি জানিয়েছে। রবিবার (৪ অক্টোবর) সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক লুনা নূর এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন নতুন করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে বাজারদরের কোনো সামঞ্জস্য নেই। প্রতিনিয়ত সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের জন্য গ্যাসের এই মূল্যবৃদ্ধি নতুন করে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।

তারা বলেন, ঢাকা মহানগর উত্তরসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিপুলসংখ্যক নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ বসবাস করেন। তাদের দৈনন্দিন জীবনযাত্রায় রান্নার গ্যাস অপরিহার্য। সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে এসব পরিবারের মাসিক ব্যয় আরও বেড়ে যাবে। বিশেষ করে শ্রমজীবী, স্বল্প আয়ের ও ভাড়াটিয়া পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অপতৎপরতা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ ধরনের অরাজকতা রোধ করা সরকারের দায়িত্ব। অথচ কার্যকর বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে জনগণকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

তারা বলেন, জনগণের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে অবিলম্বে এই দায়িত্বহীনতার অবসান ঘটিয়ে জনস্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: