একদিনে নয়, চর্চার মাধ্যমেই ধাপে ধাপে গড়ে ওঠে গণতন্ত্র: রাষ্ট্রপতি
গণতন্ত্র কোনো একদিনে প্রতিষ্ঠিত হয় না, নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র কার্যকর রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি বিরোধী দল ও রাজনৈতিক প্রতিপক্ষকে পর্যাপ্ত পরিসর দিতে হবে।
রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি। নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে এই সংস্কৃতি গড়ে ওঠে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেমন প্রয়োজন, তেমনি গণতন্ত্রকে কার্যকর রাখতে বিরোধী দল ও রাজনৈতিক প্রতিপক্ষের জন্যও পর্যাপ্ত রাজনৈতিক পরিসর নিশ্চিত করা প্রয়োজন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন ৫৪তম সমাবর্তনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: