• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, যাত্রীদের জন্য জরুরি বার্তা

প্রকাশিত: ১৫:৩৪, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, যাত্রীদের জন্য জরুরি বার্তা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে রবিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ ফ্লাইট বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদিয়া এয়ারলাইনসের এসভি৮০৪/৮০৫ ও এসভি৮০৬/৮০৭, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৯ ও বিজি৩৪০ এবং রিয়াদ এয়ারের আরএক্স৭৬৩/৭৬৪।

সৌদিয়ার এসভি৮০৪/৮০৫ ফ্লাইটটি ১০ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ এবং ১১ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদগামী বিজি৩৩৯ ফ্লাইটটি ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার সূচি ছিল।

এ ছাড়া সৌদিয়ার এসভি৮০৬/৮০৭ ফ্লাইটটি সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ এবং বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। রিয়াদ এয়ারের আরএক্স৭৬৩/৭৬৪ ফ্লাইটটির সকাল ৭টায় ঢাকায় অবতরণ এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ার সূচি ছিল। এসব সময় স্থানীয় সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে।

এদিকে, ১০ অক্টোবর ঢাকা ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৮১ ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করা হয়। ফ্লাইটটি রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট পুনর্নির্ধারণ ও সর্বশেষ তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে জানানো হবে। প্রয়োজনে যাত্রীরা কল সেন্টারে যোগাযোগ করতে বা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যেতে পারবেন।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক মানুষের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’

বিবৃতিতে সৌদি আরবের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। সূত্র: বাসস।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: