সৌদিতে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানান।
বিমান চলাচলের বিষয়ে শামা ওবায়েদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে বিমান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রিয়াদের বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের যাবতীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
বিভি/বিএস/এজেড
বিভি/এজেড













মন্তব্য করুন: