• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৯:২৮, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।

তিনি বলেন, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এ কমপ্লেক্সে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। সিনিয়র-জুনিয়রসহ সব বয়সী মানুষ এবং শিক্ষার্থীরাও সেখানে বিনোদনের সুযোগ পাবেন।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই একদিন বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা আশা করি। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নকল বন্ধ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে মেধার ভিত্তিতে পরীক্ষার স্বচ্ছ ফলাফল নিশ্চিত করা হবে। পরীক্ষায় কারচুপি ও নকলের কোনো সুযোগ থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উন্নয়নের যে রাজনীতি শুরু করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, তাদের মধ্য থেকেই একদিন রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে। এ জন্য এখন থেকেই সঠিক পথ বেছে নিতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

ময়মনসিংহে বিমানবন্দর স্থাপন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহে একটি বিমানবন্দর স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি এরইমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনে বিষয়টি আবারও মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

তিনি আরও বলেন, মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত একটি ডিও লেটার নেওয়া হয়েছে। এ প্রকল্পের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ  সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত