সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে শেষ পর্যন্ত বিরোধী দল অংশ না নিলেও সংসদে বিল উত্থাপিত হলে তারা আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দল কমিটিতে না এলে বিতর্কের সুযোগ থাকবে। তবে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে বলে আশ্বস্ত করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সঙ্গে শিক্ষক সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর এখতিয়ারও সুনির্দিষ্ট করতে হবে। রাষ্ট্রের একটি অঙ্গ যাতে অন্য অঙ্গের ওপর খবরদারি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ অক্টোবর আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও বার সদস্যদের সঙ্গে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হবে।
বৈঠকে শিক্ষক সমাজের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আদালতের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব কি না, সে বিষয়ে মতামত দেন। তারা প্রস্তাব করেন, মূলনীতির কিছু বিষয় মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের সুযোগ তৈরি করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে।
এ ছাড়া জনগণের সার্বভৌমত্ব আরও স্পষ্ট করতে সংবিধানে প্রজাতন্ত্রের কিছু ক্ষেত্রে জনগণের অধিকার যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সংবিধান হতে হবে জনগণের জন্য। জনগণের কাছে জবাব দিতে হবে।
জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, এমন সংবিধান দেওয়া হোক, যাতে সর্বাধিক মানুষের ঐকমত্য থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম সিদ্দিকী বলেন, রাষ্ট্র ব্যবস্থায় যে বিষয়গুলো সংকট তৈরি করছে, সেগুলোর চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। উচ্চ কক্ষ ইস্যুতে দেশকে চার অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলের প্রতিনিধির মাধ্যমে গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। পরিবর্তন যেন সরকারে যে আছেন তার মতো না হয়ে টেকসই আকারে হয় বলেও মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, দেড় দশকের গুম, খুন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিলো, সংশোধিত সংবিধানে যেন মানুষের অংশগ্রহণ থাকে। সংবিধান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান তিনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: