মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পদ আর নষ্ট হতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শনকালে ইশরাক হোসেন
পরিত্যক্ত ও লোকসানি প্রতিষ্ঠানের সম্পদ কাজে লাগিয়ে সেগুলো লাভজনকভাবে চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় আয় বাড়ানোর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া শিল্প এলাকায় ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর জায়গা ও পরিত্যক্ত কারখানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। দুই দিনের চট্টগ্রাম সফরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ট্রাস্টের বিভিন্ন সম্পত্তি পরিদর্শন করছেন।
ইশরাক হোসেন বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনায় মূল্যবান সম্পদ ও প্রতিষ্ঠান পরিত্যক্ত হয়ে পড়েছিলো। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতির পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারাও তাদের প্রাপ্য কল্যাণ ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জায়গা ও কারখানাকে আধুনিক, লাভজনক প্রকল্পের মাধ্যমে পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ট্রাস্টের কোনো সম্পত্তি আর অবহেলায় নষ্ট হতে দেওয়া হবে না। অব্যবস্থাপনা দূর করে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে।
সফরের অংশ হিসেবে কালুরঘাট মাল্টিপল জুস কনসেনট্রেট প্ল্যান্টসহ ট্রাস্টের আওতাধীন অন্যান্য সম্পত্তিও সরেজমিনে পরিদর্শন করা হবে। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: