নগর ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্ন নগরী গড়তে ইতিবাচক মানসিকতার আহ্বান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় ‘নগর ভবন’ পরিদর্শন এবং সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এই মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের ইতিবাচক মানসিকতা নিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে নগর ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ভবনের উদ্বোধনী ফলকের সামনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নগর ভবনের উদ্বোধন করেছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনের দুর্যোগকালীন জরুরি পরিচালন কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’-এ যান। সেখানে তিনি ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ওপর তৈরি করা একটি তথ্যচিত্র ও উপস্থাপনা উপভোগ করেন। এরপর তিনি নগর ভবন অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবেই।’
কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে কাজের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শহরকে সুন্দর রাখার কাজে নিয়োজিত রয়েছেন। নিজেদের সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে, কারণ নিজের পরিবর্তন দিয়েই সমাজ ও দেশ পরিবর্তনের সূচনা হয়।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: