দুর্গাপূজায় টানা ৭ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
আগামী শনিবার (২৪ অক্টোবর) থেকে বন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা গত ১ অক্টোবর চিঠির মাধ্যমে জানায় ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত ওই চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়।
তিনি আরও জানান, ২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় মোট সাত দিন বন্ধ থাকবে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম। ২৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসআই শামীম জানান, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: