পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান প্রবাসী বাংলাদেশি নুরুল হক। তাঁর মৃত্যুর পর অসহায় পরিবারের জন্য সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই প্রচেষ্টার ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ বুঝে পায়। এরপরই তাঁরা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
সাক্ষাতের সময় নিহত প্রবাসীর পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তাদের বর্তমান অবস্থাসহ নিরাপত্তাজনিত সার্বিক বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
বিভি/বিএস/টিটি













মন্তব্য করুন: