সাবেক পুলিশ সুপার তানিয়া আনসারী বরখাস্ত, প্রজ্ঞাপন জারি
সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কানাডায় অবস্থানরত পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী অসদাচরণ (Misconduct) ও পলায়নের (Desertion) অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে।
এ অবস্থায় বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী, ড. তানিয়া আনসারীকে ২০২৫ সালের ১০ মে থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে সাময়িক বরখাস্তের সময়ে তিনি পুলিশ অধিদফতর, ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: