হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার
দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এই কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। একই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সাব-রেজিস্ট্রাররা নিবন্ধন অধিদফতরের অধীন মাঠপর্যায়ে দলিল নিবন্ধনের দায়িত্ব পালন করেন। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার দলিল, দানপত্র, বণ্টননামা ও বন্ধকিসহ বিভিন্ন ধরনের আইনগত দলিল যাচাই ও নিবন্ধন করা তাদের অন্যতম প্রধান কাজ। এ ছাড়া নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষণ, নির্ধারিত ফি ও শুল্ক আদায় এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন তারা।
বিভি/টিটি













মন্তব্য করুন: