প্রথমবার সমুদ্রে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করলো নৌবাহিনীর সোয়াডস
বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের সদস্যরা প্রথমবারের মতো সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছেন। নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) থেকে প্রায় ৮ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে তারা সমুদ্রে নির্ধারিত ড্রপ জোনে সফলভাবে অবতরণ করেন। সোমবার (২৬ অক্টোবর) নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সোয়াডস কমান্ড ও নেভাল এভিয়েশনের সমন্বয়ে পরিচালিত এ বিশেষ প্রশিক্ষণ অনুশীলন সদস্যদের প্যারাশুটিং দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুশীলনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সৈকত’, ডাইভিং বোট ‘মাছরাঙা’ এবং দ্রুতগামী বোটগুলো অংশ নেয়। বিভিন্ন ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ প্রশিক্ষণের মাধ্যমে নৌবাহিনীর বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তইউনিট সমন্বয় ও যৌথ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ নৌবাহিনী আধুনিক প্রশিক্ষণ, পেশাগত উৎকর্ষ ও সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার মাধ্যমে দেশের সমুদ্রসীমা এবং সামুদ্রিক স্বার্থ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: