• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৪৫, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে গণনা। সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এ সময় কোনো ভোটারকে অপেক্ষমাণ থাকতে হয়নি। তিনি জানান, দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কিছু কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের পরিচয়পত্রের কার্ড ছাড়াই ভোটগ্রহণ করার বিষয়ে অভিযোগ পাওয়া গেলেও খোঁজ নিয়ে তাদের পরিচয় ও দায়িত্বের বিষয়টি সঠিক পাওয়া গেছে বলে জানান তিনি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সন্তুষ্ট বলেও জানান ইসি সচিব।

উল্লেখ্য, আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচ প্রার্থী। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এ উপনির্বাচনের মাধ্যমে আসনটির নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: