• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিভক্ত বিশ্বে আশার এক বাতিঘর সাধক লালন সাঁই: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত: ২৩:১৫, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিভক্ত বিশ্বে আশার এক বাতিঘর সাধক লালন সাঁই: দীনেশ ত্রিবেদী

বিভক্তি, বিদ্বেষ ও নেতিবাচকতায় ভরা বর্তমান বিশ্বে মানবতা ও অসাম্প্রদায়িকতার এক অনন্য প্রতীক সাধক লালন সাঁই। তার দর্শন বিভেদ ভুলে মানুষে মানুষে ঐক্য গড়ে তুলতে পারে। একই সঙ্গে লালনের গান ও ভাবাদর্শ ভারত ও বাংলাদেশের সম্পর্কের এক আত্মিক ও সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাধক লালন সাঁইয়ের ১৭৬তম তিরোধান বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লালন সন্ধ্যা-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, বর্তমান সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভাজন ও নেতিবাচকতার বিপরীতে লালন ফকিরের দর্শন মানবজাতির জন্য অনন্য এক আশার বাতিঘর হতে পারে।

তিনি বলেন, দুই শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও লালনের বাণী আজও সূর্যের আলোর মতোই চিরনতুন। মানবিক অস্তিত্বের মৌলিক ভিত্তি হিসেবে তার দর্শন এখনো সমান প্রাসঙ্গিক।

নিজের কূটনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা তুলে ধরে ভারতের হাইকমিশনার বলেন, করোনাকালে কোভিড-১৯ ভাইরাস যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আক্রান্ত করেছে, তেমনি বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টানদের রক্ত আলাদা করা সম্ভব নয়। লালন ফকির বহু আগেই উপলব্ধি করেছিলেন, মানুষের বাহ্যিক পরিচয়ের চেয়ে মানবিক পরিচয়ই বড়।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, লালনের অসাম্প্রদায়িক চিন্তা ও সংগীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

তিনি বলেন, লালন ফকির কেবল সংগীতের উৎস নন; ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার অন্যতম আত্মিক ও সাংস্কৃতিক সেতুও। বর্তমান সমাজকে দিশাহীন জাহাজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, পথ হারানো মানবজাতির জন্য লালনের দর্শন দিকনির্দেশক বাতিঘর হিসেবে কাজ করতে পারে।

লালনকে শুধু কোনো একটি সন্ধ্যার গান কিংবা উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর অসাম্প্রদায়িকতা ও ঐক্যের চেতনাকে দৈনন্দিন জীবনে ধারণ করার ওপরও গুরুত্ব দেন ভারতের হাইকমিশনার।

অনুষ্ঠানে প্রথমে সংগীত পরিবেশন করেন ওস্তাদ শফি মণ্ডল ও নাসরীন আক্তার বিউটি। এ ছাড়া অচীন পাখি সংগীত একাডেমি সংগীত পরিবেশন করে। পরে লালন ব্যান্ড সাধকের জনপ্রিয় পাঁচটি গান পরিবেশন করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: