ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ
আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে। তারা হলেন- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে দিনটি একটি শোকাবহ ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই চার নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে।
তথ্যসূত্রে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। স্বাধীনতার পরাজিত শক্তি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে ঐতিহাসিকভাবে উল্লেখ করা হয়।
প্রতি বছর ৩ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জেল হত্যা দিবস বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় চার নেতার অবদান এবং দেশের স্বাধীনতা রক্ষায় তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়েই দিবসটির তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করা সম্ভব।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: