বিগত সময়ে পার্বত্য মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের তথ্য চাইলো সংসদীয় কমিটি
ছবি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দফতরে বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কি না, তার বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে রেশন কার্ড বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
বৈঠকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতরগুলোতে বিগত দুই সরকারের সময়ে সংঘটিত সম্ভাব্য অনিয়ম-দুর্নীতির বিস্তারিত বিবরণ এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
এ ছাড়া মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দফতরের শূন্য পদের সংখ্যা এবং এসব পদ পূরণে গৃহীত উদ্যোগের তথ্যও চাওয়া হয়েছে। আগামী বৈঠকে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে কমিটি। প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করে কার্ড বিতরণ এবং এ ক্ষেত্রে অনিয়ম দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের তথ্যও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কমানো সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করা হয়।
এদিকে, চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি।
বৈঠকে আগামী ডিসেম্বর ২০২৬ সালে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফাসহ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













মন্তব্য করুন: