• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শহিদ নূর হোসেন দিবস আজ

প্রকাশিত: ০৮:৩৭, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শহিদ নূর হোসেন দিবস আজ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ ১০ নভেম্বর পালিত হচ্ছে শহিদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।

তথ্যসূত্রে জানা যায়, নূর হোসেন পেশায় ছিলেন একজন অটোরিকশাচালক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি এক অনন্য প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে তিনি আন্দোলনকারীদের মিছিলে যোগ দেন। ওই দিন মিছিল চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

তার এই আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জোগায়। নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদ, সাহস ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভি/ইএনটি/পিএইচ

মন্তব্য করুন: