নবম পে স্কেল নিয়ে জটিলতা, ৬ মন্ত্রীর সমন্বয়ে কমিটি
নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দেওয়া বিভিন্ন অসংগতি ও জটিলতা পর্যালোচনায় ছয় মন্ত্রীর সমন্বয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গ্রেডভিত্তিক বেতন বৈষম্য, পদোন্নতির পর আয় কমে যাওয়ার আশঙ্কা এবং উচ্চতর গ্রেড নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে সুপারিশ দেবে এ কমিটি।
এ ছাড়া নতুন করে ঝুঁকি ভাতা চালু, বিদ্যমান ভাতার হার পরিবর্তন এবং বিভিন্ন পদের গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ও পর্যালোচনা করবে কমিটি। গত ২ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে উচ্চতর গ্রেডে থেকেও তুলনামূলক কম বেতন পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আবার পদোন্নতি হলে কারও কারও মোট আয় কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
কর্মচারীদের অভিযোগের মধ্যে অন্যতম ১১তম ও ১২তম গ্রেডের বেতন সমন্বয়সংক্রান্ত জটিলতা। তাদের দাবি, নতুন কাঠামোয় কোনো কোনো ক্ষেত্রে ১২তম গ্রেডের বেতন ১১তম গ্রেডের চেয়েও বেশি হচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট সময় চাকরির ভিত্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার কারণে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মচারীদের বেতনের ব্যবধান কমে যাওয়ার অভিযোগও উঠেছে। এসব অসংগতি তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা অর্থসচিবের কাছে আবেদন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ এবং পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
কমিটির কাজ শুধু বেতন গ্রেডের অসংগতি পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বিভিন্ন অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলো নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করবে এ কমিটি।
পাশাপাশি নতুন করে ঝুঁকি ভাতা চালুর প্রয়োজনীয়তা, বিদ্যমান ভাতার হার বাড়ানো বা কমানোর বিষয়ও পর্যালোচনা করা হবে। বিভিন্ন পদের গ্রেড উন্নীতকরণ, অবনমন এবং গ্রেডগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দিতে পারবে কমিটি।
কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
তবে কমিটির সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা কিংবা সেগুলো বাস্তবায়নের কোনো সময়সূচি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ফলে বেতন ও ভাতার ক্ষেত্রে চূড়ান্ত পরিবর্তন আসছে কি না, তা জানতে কমিটির সুপারিশ এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: