• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিশ্বনেতারা তারেক রহমানকে ‘পরিবর্তনকামী নেতা’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির

কেফায়েত শাকিল, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ২৩:২৬, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:২৭, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বনেতারা তারেক রহমানকে ‘পরিবর্তনকামী নেতা’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন ‘পরিবর্তনকামী নেতা’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদিনের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, বুধবার প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব; লন্ডনের মেয়র এবং গ্লোবাল জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এসব সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকের সময় বিশ্বনেতারা তাকে একজন পরিবর্তনকামী নেতা হিসেবে অভিহিত করছেন।’ তিনি বলেন, তারেক রহমানের গণতান্ত্রিক জনরায় এবং প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের একটি দেশের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

হুমায়ুন কবির বলেন, বৈঠকগুলো অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তারেক রহমানের প্রাপ্ত জনরায়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

হুমায়ুন কবির জানান, ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশ পুনর্গঠনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে উন্নয়ন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

লন্ডনের মেয়র তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন লন্ডনে বসবাসের কারণে তাদের মধ্যে পরিচিতির বিষয়টিও এ সৌজন্য সাক্ষাতের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা ও তাশখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসাপ্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নতুন বছরের কাছাকাছি সময়ে সফরের বিষয়টি বিবেচনা করবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সম্ভাবনাময় জ্বালানি প্রকল্পে, বিশেষ করে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চীনা বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পেতে বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করে। এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

এদিকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর একটি সাইড ইভেন্টে অংশ নেন, যেখানে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ এবং এ ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার ওয়ার্ল্ড লিডার্স সামিটে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন। এ ছাড়া তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী সংসদ সদস্য মানসুরা আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত