• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

একদিনে বৈঠক করলেন ১১ জনের সঙ্গে

কপ৩১: বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতে ব্যস্ত দিন কাটালেন তারেক রহমান 

কেফায়েত শাকিল, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ০০:১৩, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১: বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতে ব্যস্ত দিন কাটালেন তারেক রহমান 

ছবি: সংগৃহীত

কপ৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ে ব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) দিনভর পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, মলদোভা ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক মিলিয়ে অন্তত ১১ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়া এক্সিবিশন সেন্টারে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় আয়োজকেরা তাকে স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সম্মেলনের লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনের ফাঁকে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোয়োহাদিকুসুমুসহ ওআইসির মহাসচিব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সামেদ আগিরবাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া ওয়ার্ল্ড লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তারেক রহমান। দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের দেড় শতাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, বৈশ্বিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর সারাদিনের কর্মসূচি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, হুমায়ুন কবির জানান, ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশ পুনর্গঠনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে উন্নয়ন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

লন্ডনের মেয়র তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন লন্ডনে বসবাসের কারণে তাদের মধ্যে পরিচিতির বিষয়টিও এ সৌজন্য সাক্ষাতের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনের সাইডলাইনে বিকালে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে ঢাকা ও তাশখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসাপ্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নতুন বছরের কাছাকাছি সময়ে সফরের বিষয়টি বিবেচনা করবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সম্ভাবনাময় জ্বালানি প্রকল্পে, বিশেষ করে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চীনা বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত