• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের এক থানার নাম পরিবর্তনের প্রস্তাবের সিদ্ধান্ত

প্রকাশিত: ২২:১২, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ময়মনসিংহের এক থানার নাম পরিবর্তনের প্রস্তাবের সিদ্ধান্ত

ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা নামকরণের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি।

গত ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাবে সুপারিশ, একটি নাকচ এবং দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

সুপারিশ পাওয়া চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন, জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা এবং সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক থানা স্থাপন করা হবে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার বাসিন্দারা নিজস্ব থানার মাধ্যমে পুলিশি সেবা পাবেন।

এ ছাড়া জয়পুরহাটের কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম আরও সহজ করতেই এ উদ্যোগ।

ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি। 

অন্যদিকে, সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশ করা হয়েছে।

তবে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে। এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

প্রাক-নিকার সচিব কমিটির পর্যবেক্ষণের অর্থ হলো, সংশ্লিষ্ট প্রস্তাবের বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা কিংবা প্রয়োজনীয় সংশোধন দরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় তথ্য সংযোজন করে প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ, একটি নাকচ এবং দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলো প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যাসহ পুনরায় উপস্থাপন করতে হবে।

তিনি আরও জানান, সুপারিশ পাওয়া চারটি প্রস্তাবের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নিকার সভায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অনুমোদন পেলেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। তবে নিকার সভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত