• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এলএনজি আমদানি কমাতে দেশেই কূপ খনন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

প্রকাশিত: ২২:১৭, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৭, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এলএনজি আমদানি কমাতে দেশেই কূপ খনন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশে নতুন গ্যাসকূপ খননের কাজ করছে সরকার। একই সঙ্গে আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অন্যদিকে ব্যাংকগুলোকে করপোরেট ঋণ কমিয়ে ক্ষুদ্রঋণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তাঁরা এসব কথা বলেন।

‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আলোচনায় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় নীতিগত করণীয় এবং বিনিয়োগ সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংকগুলোকে করপোরেট ঋণ কমিয়ে ক্ষুদ্রঋণ বাড়ানো উচিত। পাশাপাশি সাধারণ মানুষের ওপর চাপ কমাতে আমদানিকারকদের কাছ থেকে ডলারের দাম কিছুটা কম রাখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আগের তুলনায় বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে আসন্ন গ্রীষ্মে যাতে বিদ্যুৎ সংকট তৈরি না হয়, সে জন্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে।

মন্ত্রী জানান, এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশের ভেতরেই নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি গ্যাস সরবরাহের অভাবে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিভি/এসএম/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত