• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার, আসন শূন্য ঘোষণা

প্রকাশিত: ১৭:২৪, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২৭, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার, আসন শূন্য ঘোষণা

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। ইমেইলে পাঠানো তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার। 

চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত ড. ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে ধুম্রজাল সৃষ্টির অভিযোগ তুলেছেন দলের অনেক নেতা-কর্মী-সংগঠক। মন্ত্রিত্ব না পাওয়ায় এই পদত্যাগ, এমন একটি তথ্য ছড়ানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে দলের একাধিক সিনিয়র নেতা এবং সরকারি সূত্র এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। দল ও সরকারের কর্মকাণ্ড আরো গতিশীল করতে ড. ওসমান ফারুক সংসদ সদস্যপদ ছেড়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতে স্পিকার সংসদকে বিএনপির এই সিনিয়র এমপির পদত্যাগের কথা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। 

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

দীর্ঘদিন ধরেই গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক এই শিক্ষামন্ত্রী। জানা গেছে, তিনি তার ঘনিষ্ঠ জনদের বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে গতিতে দল ও সরকারকে পরিচালনা করছেন, বয়স ও অসুস্থতার কারণে তারেক রহমানের সাথে সে গতিতে ছুটতে পারছেন না  তিনি। এতে করে সরকার, দল এবং নির্বাচনী এলাকায় তিনি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না। এমনকি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তিনি সংসদে রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি। 

ড. ওসমান ফারুক মনে করছেন, দেশ, সরকার ও দলের স্বার্থে নতুন একজনকে এমপি হওয়ার সুযোগ দেওয়াটিই যুক্তিযুক্ত। সে কারণেই এই পদত্যাগ, নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ মহল ও সরকারি সূত্র।  

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। ওই সময় বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

বিভি/এসবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত