• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তুরস্কের ৩৫ বাই ৩৫ উদ্যোগে যুক্ত হলো ৭৫ দেশ, বাংলাদেশ কি করবে? 

কেফায়েত শাকিল, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ১৯:১৫, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৮, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তুরস্কের ৩৫ বাই ৩৫ উদ্যোগে যুক্ত হলো ৭৫ দেশ, বাংলাদেশ কি করবে? 

২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ ঘোষণা করেছে তুরস্কের কপ-৩১ প্রেসিডেন্সি। ইতোমধ্যে এই উদ্যোগের সঙ্গে ঐক্যমত্য প্রকাশ করেছে বিশ্বের ৭৫টি রাষ্ট্র। উদ্যোগটির প্রতি সমর্থনও জানিয়েছে, ৯৪টি প্রতিষ্ঠান ও সংগঠন। তবে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস্য থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উদপাদনের কর্মপরিকল্পনা হাতে নিলেও এই উদ্যোগে এখনো যুক্ত হয়নি বাংলাদেশ।

তুরস্ক জানিয়েছে, পরিবহন, শিল্প ও আবাসন খাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে বাংলাদেশের জন্য প্রশ্ন শুধু এই অঙ্গীকারে যুক্ত হওয়া নয়, বরং কীভাবে বিদ্যুতায়ন বাড়িয়ে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা থেকে বেরিয়ে আসা যাবে এবং এর অর্থায়নই বা আসবে কোথা থেকে।

তুরস্কের কপ-৩১ প্রেসিডেন্সি গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই উদ্যোগের ঘোষণা দেয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরইএনএ) ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমিত রাখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি রূপান্তরের পথ বিবেচনায় নিয়ে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্বে এই হার প্রায় ২৩ শতাংশ। ২০৫০ সালের মধ্যে তা ৫০ শতাংশের বেশি করার প্রয়োজনীয়তার কথাও অঙ্গীকারপত্রে উল্লেখ করা হয়েছে।

এই উদ্যোগে পরিবহন, শিল্প ও ভবন খাতে সরাসরি তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। বৈদ্যুতিক বাস-গাড়ি, শিল্পকারখানায় বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভবনে বৈদ্যুতিক রান্না ও হিট পাম্পের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সৌর ও বায়ুবিদ্যুৎ, ব্যাটারি সংরক্ষণ এবং আধুনিক বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এটি কোনো বাধ্যতামূলক চুক্তি নয়। বৈশ্বিক লক্ষ্য অর্জনে প্রতিটি দেশ নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা ও নীতি নির্ধারণ করবে।

বাংলাদেশের বর্তমান অবস্থান

বাংলাদেশের জন্য এই উদ্যোগের গুরুত্ব বিশেষভাবে জ্বালানি নিরাপত্তা ও আমদানি ব্যয় কমানোর সঙ্গে সম্পর্কিত। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও উৎপাদনের বড় অংশ এখনো জীবাশ্ম জ্বালানিনির্ভর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ছিল প্রায় ১ লাখ ১ হাজার ১৮৭ গিগাওয়াট ঘণ্টা। এর মধ্যে প্রাকৃতিক গ্যাস থেকে ৪৪ হাজার ৬১৩ গিগাওয়াট ঘণ্টা, কয়লা থেকে ২৭ হাজার ৪০ গিগাওয়াট ঘণ্টা এবং নবায়নযোগ্য উৎস থেকে মাত্র ১ হাজার ৩২১ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। অর্থাৎ মোট উৎপাদনের মাত্র ১ দশমিক ৩ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। একই সময়ে বিদ্যুৎ আমদানি করতে হয়েছে ১৬ হাজার ৪০৭ গিগাওয়াট ঘণ্টা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪-২৫ অর্থবছরের তথ্যেও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লার ওপর নির্ভরতার চিত্র উঠে এসেছে। অন্যদিকে, বিদ্যুৎ সুবিধার আওতায় দেশের প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ মানুষ এলেও পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবহারের হার ২০২৪ সালে ছিল মাত্র ২৯ শতাংশ। ফলে আগে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতকরণ এবং সঞ্চালনব্যবস্থা সম্প্রসারণ না করে ৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ এ বাংলাদেশের যাওয়া উচিত হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশকে কী করতে হবে?

প্রথমত, বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনের উৎস পরিবর্তন করতে হবে। দেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা থাকলেও জমির স্বল্পতা, বিনিয়োগ জটিলতা ও গ্রিডের সীমাবদ্ধতা বড় বাধা। তাই শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ, সরকারি-বেসরকারি ভবনে সৌর প্যানেল, উপযুক্ত স্থানে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে ব্যাটারি স্টোরেজ ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা আধুনিক করতে হবে।

দ্বিতীয়ত, পরিবহন খাতে বৈদ্যুতিক বাস, গাড়ি ও রেল যোগাযোগ সম্প্রসারণ করতে হবে। এজন্য চার্জিং স্টেশন, ব্যাটারি ব্যবস্থাপনা এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। তৃতীয়ত, তৈরি পোশাক, টেক্সটাইল, স্টিল ও অন্যান্য শিল্পে প্রযুক্তিগতভাবে সম্ভব ক্ষেত্রে গ্যাস ও তরল জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক বয়লার, হিট পাম্প ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারে বিনিয়োগ বাড়াতে হবে। আবাসন খাতে বৈদ্যুতিক রান্না ও জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহারও বাড়ানো প্রয়োজন।

তবে বিদ্যুতায়নের নামে কয়লা ও এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ালে জলবায়ু সুফল সীমিত হবে। তাই বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সক্ষমতা ও জ্বালানি দক্ষতা বাড়ানোকে একই পরিকল্পনার আওতায় আনতে হবে।

অর্থায়ন আসবে কোথা থেকে?

বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোর যে কোনো উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)-এর ২০২৫ সালের জুনে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫-এর লক্ষ্য অর্জনে ২০৩০ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৯৮ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন হতে পারে। ২০৩০ সালের পর ২০৪০ সাল পর্যন্ত বছরে প্রয়োজন হতে পারে ১৪৬ কোটি ডলার। অর্থাৎ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতেই বিপুল অর্থের প্রয়োজন হবে। এর বাইরে গ্রিড, ব্যাটারি, বৈদ্যুতিক পরিবহন ও শিল্পের প্রযুক্তি পরিবর্তনে অতিরিক্ত বিনিয়োগ লাগবে।

জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞরা মনে করছেন, এই অর্থায়নের সম্ভাব্য উৎস হতে পারে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), গ্রিন ক্লাইমেট ফান্ডসহ বহুপক্ষীয় উন্নয়ন ও জলবায়ু তহবিল। পাশাপাশি জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সহজ শর্তের ঋণ, অনুদান ও প্রযুক্তি সহায়তা নেওয়া যেতে পারে। ভালো তৎপরতা চালানো গেলে বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, গ্রিন বন্ড এবং দেশীয় ব্যাংকের সবুজ অর্থায়নও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে একশন এইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন টিমের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলাভিশনকে বলেন, ৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ উদ্যাগটি প্রথমে স্বেচ্ছাসেবী উদ্যাগ হিসেবে তুলে ধরেছে তুরস্ক। পরে সেটির একটি ড্রাপ্ট ভার্সন কপ৩১ এ তৈরি হয়েছে। আমি মনে করি বাংলাদেশ এই প্রক্রিয়ায় যুক্ত হওয়া উচিত। কারণ বাংলাদেশ নিজেও ২০২৩ সালের মধ্যে জ্বালানি রূপান্তরের একটি প্রক্রিয়ায় রয়েছে। যেহেতু বৈশ্বিক নানান পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট আমাদের খাতভিত্তিক জ্বালানি আমদানি আমানি ব্যহত করে আমাদের নিজস্ব সক্ষমতা অর্জন খুবই প্রয়োজন। আমি মনে করি বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত হওয়া উচিত এবং বিশ্বের কাছে আমাদের অবস্থান তুলে ধরা উচিত। এর মাধ্যমে আমাদের জ্বালানি রূপান্তরের অর্থ যোগানের ব্যবস্থাও হতে পারে।

ওয়াটারকিপার্স এল্যায়েন্সের বোর্ড মেম্বার ও বৈশ্বিক জলবায়ু আন্দোলনকর্মী শরীফ জামিল বলেন, ৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ বাস্তবায়ন হলে এখন যারা রান্নার জন্য গ্যাস ব্যবহার করে তারা তখন বিদ্যুৎ ব্যবহার করে রান্না করবে। এখন যে তেল দিয়ে গাড়ি চালায় সে তখন বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহাে করবে। কিন্তু এতে বিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। সেই বিদ্যুৎ যদি জীবাষ্ম জ্বালানি থেকে আসে তাহলেতো কোনো লাভ নেই। তখন জীবাষ্মজ্বালানির চাহিদা আরো বেড়ে যেতে পারে। তাছাড়া, যদি এই ট্রানজিশন ম্যাস ট্রানজিশন না হয় আমাদের মতো গ্লোবাল সাউদের দেশগুলোর সাধারণ মানুষের কোনো উপকার হবে না। কারণ তাদের ব্যক্তি পর্যায়ে এত ডিভাইস কেনার সক্ষমতাও নেই। তাই গণপরিবহন যেমন বাস, ট্রেনের মতো জনসম্পৃক্ত বিষয়গুলো ইলিক্ট্রিফিকেশন করতে হবে। বাংলাদেশ এখানে যেতে হলে টেকনোলজি ট্রান্সফার করতে হবে। সেই অর্থ কোথা থেকে আসবে এটি বড় প্রশ্ন।

তিনি প্রশ্ন তুলেন, পৃথিবি এখন এডাপটেশন ফাইন্যান্স, মিটিগেশন ফাইন্যান্স এবং লস এন্ড ড্যামেজ ফান্ড নিয়ে ক্রাইসিসে আছে। এগুলো নিয়ে নানান টালবাহানা চলছে। সেগুলো নিশ্চিত না করে এটা কতোটুকু বাস্তবায়ন সম্ভব হবে তা এখনি বলা যাচ্ছে না। যতোক্ষণনা পর্যন্ত এর মাধ্যমে পৃথিবীর কব উপকার হবে? বাংলাদেশের কি উপকার হবে নিশ্চিত না হওয়া যাবে ততোক্ষণ পর্যন্ত এটিকে আমরা কিভাবে গ্রহণ করবো?

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বাংলাভিশনকে বলেন, তুরস্ক 35-by-35 উদ্যোগের বিষয়ে আমাদের এপ্রোচ করেছে। আমরা আদর্শিকভাবে তাদের সঙ্গে একমত। একইসঙ্গে আমাদের নিজস্ব একটি গোল রয়েছে ৩০ বাই ২০। অর্থাৎ আমরা ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যেতে চাচ্ছি। আমরা বিষয়টিকে আমাদের লক্ষ্যের সঙ্গে যুক্ত করছি। অর্থাৎ আমরা আমাদের লক্ষ্য ২০% এই রাখবো। সেটি বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক এই উদ্যোগে আমরা কন্ট্রিবিউশন করবো।

বিভি/কেএস/এআই

মন্তব্য করুন: