দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
ছবি: সংগৃহীত
দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কলেজটি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
আদেশ জারির পর থেকেই নতুন মেডিকেল কলেজ স্থাপনের এই সরকারি অনুমোদনটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত এই প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদফতর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: