আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে এনসিপি
ফাইল ছবি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের অংশ হিসেবে আজ প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি। তবে সংলাপের একটি সুনির্দিষ্ট ভিত্তি থাকা জরুরি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফররত জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজে সমর্থন দেবে জামায়াত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনার মধ্যে গত বুধবার জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় সংলাপে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ইতিবাচক। তবে এ সংলাপের একটি সুস্পষ্ট ভিত্তি থাকা জরুরি।
এদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেল টাউনে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের প্রতি দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকারের খারাপ কাজের প্রতিবাদ জানানো হলেও ভালো কাজগুলোতে সমর্থন দেবে জামায়াত।
শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সরকারের প্রতি গণভোটের রায়কে সম্মান জানানোর আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশ থেকে দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিভি/জিএস/পিএইচ













মন্তব্য করুন: